সিসি নিউজ: কারাগারে খালেদা জিয়াকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেয়া হয়েছে। কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে রোববার আদালতের নির্দেশের পর সন্ধ্যায় এ তথ্য জানান আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এর আগে সকালে আদালতে খালেদা জিয়ার ডিভিশন সুবিধার আবেদন জানান তার আইনজীবীরা।
দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিমুদ্দীন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। তাকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেয়ার দাবি শুরু থেকেই জানাচ্ছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের ডিভিশনের আবেদন নিয়ে রোববার সকালে আদালতে যান আইনজীবীরা। শুনানি শেষে এ কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান।
এর পর পরই কারা মহাপরিদর্শক জানান, খালেদা জিয়া কারাগারে সাধারণ বন্দি। কারণ হিসেবে তিনি বলেন, কারাবিধিতে সাবেক রাষ্ট্রপতি কি কি সুবিধা পাবেন বলা থাকলেও সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই।
তবে এর কয়েকঘণ্টার মধ্যে কারা মহাপরিদর্শক জানান, নাজিমউদ্দিন রোডের কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেয়া হয়েছে বিএনপি প্রধানকে।
বিধি অনুসারে প্রথম শ্রেণীর ডিভিশন পাওয়া বন্দি খাট, টেবিল, চেয়ার, তোষক, বালিশসহ বিভিন্ন সুবিধা পান। বিভিন্ন কাজে সহায়তার জন্য আরেকজন বন্দিকেও পান তিনি। এছাড়া পড়ার জন্য বই ও তিনটি দৈনিক পত্রিকা পান প্রথম শ্রেণির বন্দি।