সিসি নিউজ, ১৩ ফেব্রুয়ারী: শীতের খোলস ছেড়ে ডানা মেলেছে নতুন পাতা। গাছে গাছে রঙের সমারোহ, পাঁপড়ি মেলেছে পলাশ-শিমুল। দখিন হাওয়ায় ঝরা পাতার মরমর নতুন কুড়ি-পল্লবই বলছে বসন্ত এসেছে। আজ পয়লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। শীতের জীর্ণতা ভুলে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। নানা রঙা ফুলে ঝলমল করছে নগরীর উদ্যান। দিনটি উদ্যাপনে রাজধানীসহ দেশজুড়েই আজ থাকছে বিভিন্ন আয়োজন।
মিঠেকড়া রোদ আর দোয়েল-শালিকের কাকলী মুখর নাগরিক উদ্যান। রঙ লেগেছে ইট কাঠের এই শহরেও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরে বসন্তের ছাপ পুরোপুরি না পড়লেও এর লহরী ঠিকই দোলা দিয়ে যায় নগরবাসীর মনে।
বসন্তের উদার-অবারিত আহ্বানে উদ্বেল প্রকৃতি আর তাতে সাড়া দিয়ে জেগেছে নাগরিক প্রাণও।