ঢাকা, ২১ ফেব্রুয়ারি: চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৬ দিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ।
চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।