সিসি ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী: দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। ময়নাতদন্তের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম।
তার মৃত্যুর কারণ অনুসন্ধানে আরো তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর আগে-পরের ঘটনাবলিও পর্যালোচনা করবে তারা। মৃত্যুর সময় তার সঙ্গে কেউ ছিল কিনা, খতিয়ে দেখা হবে তাও। এর আগে, শ্রীদেবীর মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা আসে গণমাধ্যমে।
শনিবার রাতে জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীকে।
হাসপাতালে নেয়া হলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামী ও এক মেয়েকে নিয়ে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী।