জয়পুরহাট, ২৯ মার্চ : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী-স্ত্রী মধ্যে কলহের জের ধরে এই হত্যা কান্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। মৃতরা হলেন, উপজেলার রুকিন্দীপুর ফকির পাড়ার লোকমান হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী মনি আক্তার (২০)
রুকিন্দীপুর গ্রামের বাসিন্দা ও আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধূরী, প্রতিবেশী আনোয়ার হোসেন, শহিদুল ইসলামসহ এলাকাবাসীরা জানান, প্রায় দেড় বছর আগে সাইফুল ও মনি আক্তারের বিয়ে হয়।
এর মধ্যে তাদের মধ্যে কোন দিন ঝগরা-বিবাদ লক্ষ করা না গেলেও ঘটনার দিন বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। তবে দুপুরে ২ জনে মাংশ ভাত খাওয়ার সময় সাইফুল নিজ প্লেট থেকে তার স্ত্রীকে মাংশ খাওয়ানোর সময় প্রতিবেশী সম্পর্কে ভাবী ও বোনরা এ দৃশ্য দেখে হাসি-মশকরাও করেন। তারপর রাতে বুধবার সন্ধ্যায় সাইফুল গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করলে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়। দাম্পত্য কলহের জের ধরেই হয় তো তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও জানান এলাকাবাসী।
এ ঘটনার পর মনি আক্তারই তার স্বামীর আত্মহত্যার বিষয়টি তার পরিবারের লোকজনকে জানান। সাইফুলের মৃতদেহ দেখতে স্বজনরা ও এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসলে মনি আক্তার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মনি আক্তারের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পুলিশী তদন্ত চলছে। এ ছাড়া এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
স্বামী-স্ত্রীর এই অকাল মৃত্যুতে হতবাক হয়েছেন স্থানীয়রাসহ ওই দম্পতির স্বজনরা । আত্মহত্যা না হত্যাকান্ড বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবী এলাকাবাসীর।