পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ৩০ এপ্রিল: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল মালেক (৫৫) হত্যা মামলায় আজিম উদ্দীন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী জনাকীর্ণ আদালতে উক্ত আদেশ দেন।
অপরদিকে আসামী ইয়াকুব আলী, সলিম উদ্দীন, মসিবর রহমান, রোজিনা বেগম, সাজেদা বেগম ও মরিয়ম বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন দণ্ডিত আসামি আজিম উদ্দীন সদলবলে প্রতিবেশি আব্দুল খালেকের বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং বাড়ির লোকজনকে গালমন্দ করে। ওই সময় আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল মালেক বাঁধা দিতে গেলে আজিম উদ্দীন কুড়াল দিয়ে তার মাথায় সজোরে কোঁপ মারে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিনের মাথায় ১০ জুন রাতে আব্দুল মালেক মারা যায়। এ ঘটনায় আব্দুল মালেকের বড় ভাই আব্দুল খালেক বাদী হয়ে আজিম উদ্দীনসহ ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মামলার তদন্ত শেষে সকলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
বাদীর অভিযোগ, পুলিশের চার্জশিট ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণে আজিম উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত আদেশ প্রদান করেন।