সিসি নিউজ, ৪ মে: ঝড় ও শিলা বৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ আর সরকারিভাবে এখনো ধান-চাল কেনা শুরু না হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। ২ মে থেকে সরকারিভাবে সংগ্রহ অভিযান শুরুর কথা থাকলেও অনেক এলাকাতে মিলারদের সঙ্গে এখনো চুক্তিই হয়নি খাদ্য বিভাগের।
কাটা মাড়াইয়ে শ্রমিক সংকটের পাশাপাশি মাসজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাসে পাকা ধান নিয়ে আতঙ্কে দিন কাটছে চাষীদের। এ অবস্থায় সরকারিভাবে ধান সংগ্রহ এখনও শুরু না হওয়ায় ধানের ন্যায্য দামও পাচ্ছেন না তারা।
শস্য ভান্ডার খ্যাত বরেন্দ্র অঞ্চল ও চলনবিলসহ অনেক এলাকাতেই ধান কাটা প্রায় শেষ। নীলফামারী, বগুড়া, নওগাঁ, দিনাজপুরসহ অনেক এলাকাতেই পাকা ধানে ভরে আছে ক্ষেত। কিন্তু শ্রমিক সংকটের কারণে কাটা যাচ্ছে না ফসল।
এ বছর চাষীদের দেড় লাখ টন ধান আর মিলারদের কাছ থেকে ৯ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু চাল কেনার জন্য মিলারদের সঙ্গে এখনও চুক্তি না হওয়ায় এর প্রভাব পড়েছে ধানের বাজারে। তাছাড়া পোলাওয়ের চালের ধান চাষীদের কাছ থেকে কবে কেনা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সাধারণত ৩৯ কেজি ধান থেকে গড়ে পাওয়া যায় ২৬ কেজি চাল। এ অবস্থায় সরকারি মূল্যের সাথে খোলা বাজারে ধান-চালের মূল্যের পার্থক্য বেশি বলে জানিয়েছেন মিলারেরা। যেকারণে ধান সংগ্রহ অভিযানে আগ্রহ হারাচ্ছেন তারা।