সিসি নিউজ, ০৫ মে: নীলফামারীতে বিয়ের আসরে ছবি তোলাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের সংঘর্ষের ঘটনায় ব্যাপক ভাংচুর হয়েছে। এতে আহত হয়েছে অন্ততঃ ২০ জন। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ছোট বেড়াকুঠি গ্রামে।
সূত্রমতে, ছোট বেড়াকুঠি গ্রামের মনোয়ার হোসেনের কন্যা ময়না আকতার রিনার সাথে দিনাজপুর সদরের রামডুবির ফেরগাঁ গ্রামের মৃত খতিব উদ্দিনের পুত্র সাইফুল ইসলামের বিযের আনুষ্ঠানিকতার দিন ছিল গতকাল শুক্রবার রাতে।
স্থানীয়রা জানান, বিয়ের আসরে কনে পক্ষের একদল যুবক মহিলা বরযাত্রীদের ছবি তোলা নিয়ে প্রথমে বচসা হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আসরে চেয়ার, টেবিল ভাংচুর সহ ২০ জন আহত হয়। পরে কনে পক্ষের লোকজন বরযাত্রী ও তাদের বহনকরা মাইক্রোবাস, মোটরসাইকেল আটক করে।
আজ শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের উপস্থিতিতে বিয়ে বাতিল পূর্বক বরপক্ষ ১ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।