চুয়াডাঙ্গা, ১০ মে: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিরাজুল ইসলাম মিরা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাত ২টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল হাতিভাঙ্গা গ্রামের মৃত হাফেজ মণ্ডলের ছেলে।
পুলিশের সূত্রে জানা যায়, মিরাজুল ইসলাম একজন ডাকাত সর্দার। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
জানা যায়, বুধবার বিকেলে দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় মিরাজুলকে। পরে রাতেই তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে মিরাজুলের অন্য সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালালে এ সময় গুলিতে নিহত হন মিরাজুল।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বলেন, মিরাজুলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ ৯টি মামলা রয়েছে। জামু আকরাম বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন তিনি।