সিসি নিউজ, ১৫ মে: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা ইয়াবাসহ মোহাম্মদ ফিরোজ(৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে । সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফিরোজ হাতিখানার আব্দুল কুদ্দুসের ছেলে।
র্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২(সিপিসি) নীলফামারী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৫০পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন ক্যাম্পের উপ-সহকারী পরিচালক(ডিএডি) শহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে সিপিসি-২ ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, একটি চক্র ওই এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ফিরোজকে আটক করা হয়। চক্রটি ধরতে অভিযান অব্যাহত থাকবে।