সিসি নিউজ, ২৭ মে: ‘সাবেক মেয়র লাপাত্তা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সৈয়দপুর পৌরসভার বর্তমান মেয়র মো: আমজাদ হোসেন সরকার সম্পাদিত সাপ্তাহিক ‘দাগ’ পত্রিকার চলতি সংখ্যায়। সংবাদে বলা হয়েছে, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদলকে গত ৩দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি লাপাত্তা রয়েছেন। উল্লেখ করা হয়েছে, সাবেক মেয়রের নামে ও ঠিকানায় পাঠানো পৌরসভার একটি চিঠি ডাক পিয়ন প্রাপককে (সাবেক মেয়র) না পেয়ে পুনরায় প্রেরকের কাছে ফেরত এসেছে। আর এটি সংবাদ হিসেবে ঠাঁই পেয়েছে পত্রিকাটিতে। কিন্তু সংবাদের শিরোনামের কারণে শহর জুড়ে শুরু হয়েছে তোলপাড়।
বিষয়টি জানতে যোগাযোগ করা হয়, বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও শ্রমিক নেতা আখতার হোসেন বাদলের সাথে। তিনি স্বশরীরে আজ রোববার (২৭ মে) বিকেল ৪টার সময় শহীদ ডা. জিকরুল হক সড়কের বর্ণমালা প্রিন্টিং প্রেসে উপস্থিত থাকা সংবাদকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য পত্রিকাটি ‘লাপাত্তা’ শব্দটি ব্যবহার করেছেন। আমি কোন মাদক ব্যবসায়ী নই যে, মাদকবিরোধী অভিযানের কারণে লাপাত্তা হয়েছি। আমি একজন পার্টির নেতা। বিভিন্ন সময়ে সভা, সেমিনার এবং সাংগঠনিক কাজে জেলা ও বিভাগীয় শহরে যেতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফেসবুক ব্যবহারকারী জানান, চিঠি নয়- সেটি নাকি আমন্ত্রণপত্র। আর যদি তাই হয়- তাহলে সাবেক মেয়র হিসেবে পৌর কর্তৃপক্ষ মোবাইল ফোনের মাধ্যমে আমন্ত্রণের বিষয়টি জানাতে পারতেন।