সিসি নিউজ, ৩১ মে: দ্বৈত ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে অস্বাভাবিক জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। আর জরিমানা বাতিলের দাবিতে আগামী সপ্তাহে আন্দোলনে নামার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পুরনো ভর্তি বাতিল না করে দ্বিতীয়বার ভর্তি হওয়া নিয়মবহির্ভূত। এ কারণে দিতে হবে জরিমানা।
২০১৬-১৭ শিক্ষা বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের স্মাতকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনেকে বিভাগ কিংবা কলেজ অথবা উভয়টি পরিবর্তন করে আবার পরের বছরের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। এদের মধ্যে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী আগের ভর্তি বাতিল না করেই নতুন শিক্ষাবর্ষে ক্লাসও শুরু করেছে।
এসব শিক্ষার্থীদের মধ্যে যারা আগের শিক্ষা বর্ষের প্রথম বছরের সমাপনী পরীক্ষা দিয়েছে তাদের জরিমানা করা হচ্ছে ১০ হাজার টাকা, আর যারা পরীক্ষা দেয়নি তাদের সাড়ে ৭ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে। শিক্ষার্থীদের মতে, এ ধরনের জরিমানা এ বছর হঠাৎ করে চালু হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ বলছেন, অনলাইনে সকল কার্যক্রম পরিচালিত হওয়ায় এ বছর থেকে দ্বৈত ভর্তি শিক্ষার্থীদের চিহ্নিত করা যাচ্ছে সহজেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক সামর্থ্যহীন শিক্ষার্থীরা জরিমানা মওকুফের আবেদন করলে তা বিবেচনা করা হবে। নিয়ম আনুয়ায়ী একই সঙ্গে দুইটি ভর্তি বহাল রেখে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া অবৈধ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা জরিমানা বাতিলের দাবিতে একত্রিত হচ্ছে। আগামী সপ্তাহে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে তারা।