সিসি নিউজ, ০৫ জুন: মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে আহবান জানিয়ে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জমান মিয়া বলেছেন, মাদক সমাজে ভয়াবহ ক্যানসারে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধে সফল হতে হলে অতীতের ন্যায় আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদক ব্যবসায়ীদের কোনো খবর জানা থাকলে পুলিশকে জানাবেন।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগরীতে সকল মাদকের আখড়া ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে। চলছে মাদকবিরোধী বিশেষ অভিযান। ধরা পড়ছে মাদক ব্যবসায়ী। সেই সাথে উদ্ধার হচ্ছে উল্লেখযোগ্য মাদকদ্রব্য।
রাজধানীর পল্টনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ১১টায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যারা মাদকের ব্যবসা করে, অর্থলগ্নি করে, ঘর ভাড়া দেয়, আস্তানার জায়গা দেয় তাদেরকে শাস্তি দেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। ঢাকা শহরের কোনো মাদকের আস্তানা থাকবে না।
তিনি বলেন, আমাদের মধ্য কোনো পুলিশ কর্মকর্তা মাদকের সাথে জড়িত থাকলে সে যত বড় পদেই থাকুক না কেন, তাকেও কোমরে দড়ি বেঁধে হুড়হুড় করে টেনে নিয়ে আসা হবে। মাদক বিরোধী অভিযানে নিরীহ কাউকে হয়রানির অভিযোগ পেলে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আজকেও রমনা, নয়াটোলা এসব এলাকায় অভিযান চালানো হয়েছে। অনেক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রত্যেকটি এলাকায় যারা মাদকের ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের কাজ চলমান রয়েছে।
‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ এ শ্লোগানকে সামনে রেখে ঈদ উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, আপনারা শুধু মনে করেন পুলিশ আসামি ধরে, এটা ঠিক না। আমরা আপনাদের মতো মানুষ। আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই স্বজন। আমরা রাতে পাহারা দেই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমান। আমরা ব্যবসায়ী, বিনিয়োগকারী, সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ডিএমপি ঈদে, শীতে ও যেকোন দুর্যোগে আপনাদের পাশে থাকে। আপনাদের পাশে থাকা আমাদের সামাজিক দায়বদ্ধতা। মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। ঈদে নতুন কাপড় পড়বে সবাই এই চিন্তা করেই আমরা প্রতিবছর ঈদে আপনাদের পাশে দাঁড়ায়।
এ সময় (বিপিএসএ) সাধারণ সম্পাদক উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম, পিপিএমসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১২’শত নতুন ঈদবস্ত্র (শাড়ি, লুঙ্গি, ছোট বাচ্চাদের পোশাক) বিতরণ করেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সদস্যরা।