টাঙ্গাইল, ০৬ জুন : টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জীবন (২৫), মামুন (২৭), মুন্না (২৮) ও কৃষ্ণ (২৮)।
বঙ্গবন্ধু সেতু থানার উপপরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী জানান, সকাল সোয়া ৭টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২০৭৮) মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের ( ঢাকা মেট্রো ড-১২-০১১৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক দ্রুত অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।