ঢাকা, ০২ আগষ্ট: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিমের (১৬) বাসায় গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। এসময় শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে কেঁদে ফেলেন নৌমন্ত্রী।
বুধবার (১ আগষ্ট) সন্ধ্যায় মিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান শাজাহান খান। সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির এবং অন্যান্য স্বজনদের সান্ত্বনা দেন। এসময় নিহত মিমের সহপাঠীরাও সেখানে উপস্থিত ছিলেন।
মিমের বাবা জাহাঙ্গীর ফকির বলেন, ‘নৌপরিবহনমন্ত্রী বাসায় এসে আমাদের সান্ত্বনা দেন। আমি তাকে বলেছি রাস্তায় যেসব অদক্ষ ড্রাইভার আছে তাদের লাইসেন্স ক্যান্সেল ( বাতিল) করেন। লাইসেন্স চেক করেন। রাস্তায় চলাচল করার ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। এসময় মন্ত্রী এসব করবেন বলে আশ্বাস দেন। এমনকি এগুলো নিয়ে আজ (বুধবার) মিটিং করা হয়েছে বলেও আমাকে জানান।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কি বলেছেন- এর উত্তরে মিমের বাবা বলেন, ‘মন্ত্রী বলেছেন, সেদিন অন্য একটা বিষয় নিয়ে কথা হাচ্ছিল। সেসময় আমি (মন্ত্রী শাজাহান খান) হাসছিলাম। দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করায় উত্তর দেওয়ার সময় সেই হাসিটাই ছিল। আমি তখনো জানতাম না ঘটনাটা। বুঝতেও পারিনি। তারপরও আমি আপনাদের কাছে ক্ষমা চাই। সকল শিক্ষার্থীদের কাছেও ক্ষমা চাই।’
প্রসঙ্গত, রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়।