রংপুর, ১২ আগষ্ট: শহরের দর্শনার মোড়ে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যুর জেরে ঢাকা-রংপুর সড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় ভাঙচুর করা হয়েছে বেশকিছু গাড়ি। নিহত জিয়ান ইসলাম কালেক্টরেট স্কুলের দশম শ্রেণির ছাত্র।
দুর্ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-রংপুর সড়ক অবরোধ করায় বন্ধ থাকে গাড়ি চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এসময় দুপক্ষের সংঘর্ষে আহত হন কমপক্ষে ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ রোববার সকালে দর্শনার মোড়ে বাইসাইকেল আরোহী জিয়ানকে রংপুরগামী একটি বাস চাপা দিলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। বাসটির বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা হয় বলে অভিযোগ তাদের। বাসটি জব্দ করেছে পুলিশ।