সিসি ডেস্ক: তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে ফেরিডুবির ঘটনায় ১৩৬ মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অন্তত ২০০ জন।
একশো জনের মতো জীবিত উদ্ধার হলেও, তাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। এমভি নেইরেরে নামের ফেরিটিতে চারশোর বেশি আরোহী ছিলো। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের ধারণা, যাত্রীদের বেশিরভাগই একপাশে থাকায়, ফেরিটি উল্টে যায়।
বৃহস্পতিবার, উকোরা ও বুগোলোরা নামের দুটি দ্বীপের কাছাকাছি পৌঁছানোর পর, এ দুর্ঘটনা ঘটে। তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে, ২০১২ সালে ফেরি ডুবে প্রায় দেড়শো মানুষ মারা যায়। তার আগের বছরই, প্রাণ হারায় দুইশো মানুষ। আর ১৯৯৬ সালে ঘটে, গত শতাব্দির সবচেয়ে বড় ফেরি দুর্ঘটনা। সেবার প্রাণ হারায় আটশোর বেশি মানুষ।