সিসি ডেস্ক, ২৫ অক্টোবর।। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে গিয়েছিলেন। তিনি সেখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান তিনি। প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দেন। একটি বাড়ি করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জিন্নাত আলী সংসদের ক্যান্টিনে গেলে তার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় করেন মন্ত্রী-এমপিরা। হাজির হন সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, তথ্য ও যোগযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহান জয়সহ অনেকেই। সংসদের কর্মকর্তা-কর্মচারী ও এমপি-মন্ত্রীদের সহকারী ও একান্ত সহকারীরা তাকে ঘিরে ধরেন। ছবি তোলেন, সেলফি তোলেন।
তবে সাধারণ লোকের সঙ্গে ছবি তোলার সময় তিনি টাকা দাবি করেন। সংসদের এক কর্মকর্তা ১০০ টাকা দিলেও তিনি ছবি তুলতে রাজি হননি। সবাই টাকা না দিলে ছবি তুলবেন না বলে সাফ জানিয়ে দেন। তবে মন্ত্রী-এমপিদের কাছে তিনি টাকা দাবি করেননি। তিনি বলেন, ‘অনেক সাংবাদিক আমাকে নিয়ে নিউজ করে উপকৃত হয়েছেন। কিন্তু আমার কিছুই হয়নি!’
এ সময় জিন্নাত আলীর সঙ্গে থাকা স্থানীয় সংসদ সদস্য সায়মুম সরোয়ার কমল সাংবাদিকদের বলেন, ‘জিন্নাত আলী নানা রোগে ভুগছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দায়িত্ব নিয়েছেন। চিকিৎসার জন্য তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া তার জন্য সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার উপযোগী করে একটি বাড়ি করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন।’
জানা যায়, বিশ্বের সবচেয়ে এই লম্বা ব্যক্তি, তবে তার এই দৈর্ঘ্য মোটেও স্বাভাবিক নয়। হরমোনজনিত সমস্যায় আছেন বিপাকে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।
উল্লেখ্য, গিনেস রেকর্ড অনুযায়ী বর্তমানে বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন- মিসরের সুলতান কসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। ১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকেন তিনি।
ফলে স্বাভাবিক কাজকর্ম থেকেও সরে আসতে হয় তাকে। লম্বা দেহটা নিয়ে খুব একটা স্বস্তিও বোধ করেন না তিনি। অস্বাভাবিক উচ্চতার কারণে অসুবিধা হচ্ছে তার। ঘরে ঢোকা-বের হওয়ার মতো দৈনন্দিন কাজেই বেগ পেতে হচ্ছে জিন্নাতকে। তার বড় সমস্যা শারীরিক দুর্বলতা। দুই হাঁটুতে ব্যথা। শারীরিক গড়নের কারণে ক্ষুধার তীব্রতাও বেশি।
কালেরকন্ঠ