সিসি নিউজ, ৩১ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুর শহরে এক গৃহবধুকে উত্যক্ত করার দায়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত রাজু হোসেন সৈয়দপুর শহরের হাওয়ালদার পাড়ার আব্বাছ আলীর পুত্র।
সূত্রমতে, মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর সাথে কেনাকাটা করার উদ্দেশ্যে ওই গৃহবধু শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে (সোহেলরানা মোড়) আসে। এ সময় বখাটে রাজু গৃহবধুকে উত্যক্ত করার সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ্দ করে। পুলিশ আজ বুধবার দুপুরে অভিযুক্ত রাজুকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এ এম গোলাম কিবরিয়া তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, দন্ডপ্রাপ্ত যুবককে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।