লালমনিরহাট, ০২ অক্টোবর।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জোসনা বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। নিহত জোসনা ওই গ্রামের হাবিবুর রহমান হাবীবের (৩০) স্ত্রী। আটকরা হলেন- নিহত গৃহবধূর স্বামী হাবিবুর রহমান হাবীব ও তার বাবা-মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় জোসনাকে বেধড়ক মারপিট করেন তার স্বামী হাবীব ও তার বাবা-মা। মারপিটের একপর্যায়ে ওই গৃহবধূর মৃত্যু হলে তার মুখে বিষ ঢেলে দেয় স্বামী হাবীব ও তার বাবা-মা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ঘাতক স্বামী হাবিব ও তার বাবা-মাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সন্দেহজনকভাবে স্বামী হাবিব ও তার বাবা-মাকে আটক করে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত হতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।