
সিসি নিউজ, ১১ ডিসেম্বর।। পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৪ ডিসেম্বর (সোমবার)।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী আগামী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন।
তিনি বলেন, একই দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও জানিয়েছেন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী এ পরীক্ষার ফল প্রকাশে আগামী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন।
তাই দুই সমাপনীর ফল প্রকাশ হবে একই দিনে।
নিয়মানুযায়ী, ২৪ ডিসেম্বর সকালে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
অপরদিকে, দুপুরে আলাদা সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন।
জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় এবার মোট ৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন।
গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণত ডিসেম্বের শেষে এই ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ থাকায় আগেই ফল প্রকাশের প্রস্তুতি নেয় দুই মন্ত্রণালয়।