নীলফামারী, ২৩ জানুয়ারি॥ সড়ক দূর্ঘটনায় মুদি দোকানদার জামিয়ার রহমান (৬০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারী) সকালে জেলা সদরের নীলফামারী-রামগঞ্জ সড়কে টুপামারী ইউনিয়নের সামসুল হক অটো রাইস মিলের সামনে ঘটনাটি ঘটে। নিহত জামিয়ার রহমানের বাড়ি জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিমুলবাড়ি বাজারের দোকানের মালামাল কেনার জন্য মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত ভ্যান যোগে নীলফামারী শহরের দিকে আসছিলেন জামিয়ার। এসময় রামগঞ্জ সড়কে সামছুল হক অটো রাইস মিলের সামনে বিপরীতমুখি একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-০২-০৭৯৮) চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকসহ চালক খলিলুর রহমানকে (৫০) আটক করা হয়েছে।