সিসি ডেস্ক, ২২ এপ্রিল।। মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাতে দেশের বিভিন্ন মসজিদে ইবাদত-বন্দেগির জন্য আসা মুসল্লিদের জমায়েত বেড়েছে। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবেবরাত।
মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাগরিবের নামাজের পর মুসল্লিরা মসজিদে, মসজিদে ওয়াজ মাহফিল, মিলাদ ও জিকিরে অংশ নেন।
সৌভাগ্যের এ রজনীতে সারা দেশে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমান ঘরে ঘরে কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল আছেন।
মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন বলে আলেমগণ বর্ণনা করেছেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন। ইবাদত-বন্দেগি ছাড়াও স্বজনদের কবর জিয়ারতও করে থাকেন মুসলমানরা।
পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। শবেবরাত উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি।