সিসি ডেস্ক, ২৬ এপ্রিল।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে, জুমার নামাজের আগে সারা দেশের প্রায় প্রতিটি মসজিদে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য রাখেন ইমামরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খুতবায়ও জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পেশ ইমাম। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই জানিয়ে তিনি সন্ত্রাসবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে শুক্রবার জুমার নামাজের খুতবায় দেশের প্রতিটি মসজিদে জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান দিতে ইমামদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ান করেন ইমামরা। বায়তুল মোকাররম মসজিদের খুতবায় বলা হয়, শান্তির ধর্ম ইসলাম, জঙ্গিবাদ সমর্থন করে না।
জুমার নামাজে অংশ নিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, সরকারের কঠোর অবস্থানের কারণেই দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে।
খুতবায় জঙ্গিবাদ বিরোধী বয়ানের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মুসল্লিরা। ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় দোয়া-মোনাজাতে।