ঢাকা, ১ মে ।। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতরা হচ্ছে মো. সাইফুল্লাহ (২৬), মো. আব্দুল আলীম (২২), মো. ফয়জুল্লাহ (১৮), মো. জহিরুল ইসলাম (১৯) ও মো. মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)। এসময় তাদের কাছ থেকে ২০টি ডেটোনেটর ও দুটি চাপাতি জব্দ করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম পুলিশ।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় একত্রিত হয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করে তরা।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।