সিসি নিউজ, ২৯ মে ।। মাতারবাড়ি বন্দর ও কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ ৫ প্রকল্পে আড়াইশ কোটি ডলারের ঋণ সহায়তা দিচ্ছে জাপান। বুধবার দুপুরে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তি সই হয়।
এটি দু-দেশের মধ্যে ৪০তম অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স-ওডিএ চুক্তি। ঋণ সহায়তা দিয়ে মাতারবাড়ি বন্দর উন্নয়ন, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-ওয়ান, এফডিআই প্রমোশন, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি এবং মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে। চুক্তি সইয়ের আগে দুই প্রধানমন্ত্রী শিনজো-আবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে স্বাগত জানান শিনজো অ্যাবে। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়।