সিসি ডেস্ক, ৪ জুন।। দিনাজপুরের পাঁচটি উপজেলার প্রায় ২০টি গ্রামের মানুষ আজ মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, কাহারোল ও খানসামা উপজেলার ২০টি গ্রামের ৭-৮ শত পরিবারের কয়েক হাজার মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
দিনাজপুর শহরের লালবাগ, চাউলিয়াপট্টি, রামনগর, সদর উপজেলার নয়নপুর ও গোপালগঞ্জ, চিরিরবন্দর উপজেলার সাইতারা রাবার ড্যাম গ্রামে, ফতেজংপুর, রানীরবন্দর, কাহারোল উপজেলার মুকন্দপুর, গড়েয়া, ভবানীপুর, বিরল উপজেলার বালান্দর, পাঁচপাড়া, মাদববাটি ও খানসামা উপজেলার কাচিনিয়া গ্রামের মানুষ আগাম ঈদের নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবায় সৌদির সঙ্গে একই দিনে ঈদ পালন করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ পালন করার আহ্বান জানান ইমামরা।
চিরিরবন্দর থানা পুলিশের ওসি হারিসুল ইসলাম বলেন, এসব এলাকার লোকজন তাদের রীতি অনুযায়ী গত কয়েক বছর থেকে সৌদির সঙ্গে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য ওইসব ঈদগাহ মাঠে নজরদারি ছিল।
অপরদিকে, দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে চন্দনাইশস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা আজ মঙ্গলবার ঈদুল ফিতর পালন করেছেন।
দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সৈয়্যদ মোহাম্মদ আলীর (মাঃজিঃআঃ) ইমামতিতে ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসুল্লিরা।
এছাড়াও জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চন নগন, জুনিগোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, স্টেশন, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, হারালা, সাতবাড়িয়া, উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগড়ি, কালিপুর, গন্ডামারার মিরিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরনদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তরসুখছরি, বাংলাবাজার, মাইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরানগর, মালেয়াবাদ গ্রামে ঈদ উৎসব পালিত হচ্ছে।
এছাড়া সীতাকুণ্ড, সন্দীপ, মীরেরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, উখিয়া, বান্দরবান, আলীকদম, নোয়াখালীর বেগমগঞ্জ, লক্ষ্মীপুর, কুতুবপুর, ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ঈদ পালিত হচ্ছে।