সিসি নিউজ, ২৮ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় রেয়াজুল ইসলাম (৩৫) নামে এক মুদি দোকানদারকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া ওই দন্ডাদেশ প্রদান করেন।
সূত্র মতে, সৈয়দপুর শহরের রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর জনৈক এক ছাত্রীকে প্রায় উত্যক্ত করতো মুদি দোকানদার রেয়াজুল ইসলাম। ছাত্রীটি এ ঘটনা তার বাবা-মাকে জানালে তারা সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ওই অভিযোগের প্রেক্ষিতে রেয়াজুলকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রেয়াজুল শহরের হাতিখানা মহল্লার মৃত রমজান আলীর পুত্র।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।