সিসি নিউজ, ৩০ জুন ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারী কলেজসমূহে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের “জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮” তে অন্তর্ভূক্ত করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম।
রোববার দুপুর ১২ টায় শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান পাদদেশে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন কলেজের শতাধীক শিক্ষক অংশ নেন। মানববন্ধন চলাকালে সংগঠনের সদস্য সচিব গোলাম মোস্তফা, মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন ইমু, ডিমলা জনতা কলেজের হাফিজুর রহমান ও ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রভাষক দিলারা জামানসহ অন্যান্যরা এসময় বক্তৃতা করেন।
বক্তারা বলেন, “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮” তে অন্তভূক্ত বা কোন নির্দেশনা না থাকায় তারা এমপিওভূক্ত হতে পারছেন না। ফলে নীলফামারীসহ সারাদেশে তিন হাজার পাঁচশত শিক্ষক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই তাদেও “জনবলকাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮” তে অন্তভূক্ত করে আসন্ন বাজেটে ১০৪ কোটি নয় লাখ টাকা বরাদ্দ দিয়ে এমপিও প্রদানের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবি জানান শিক্ষকরা। একই দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারক লিপি জেলা প্রশাসককের কাছে হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।