বিরামপুর (দিনাজপুর), ৩০ জুন ।। বিরামপুর উপজেলার গোপালপুর গ্রামে গভীর রাতে বাবা-মায়ের মাঝ থেকে ২ বছর আট মাস বয়সের শিশু পুত্রকে তুলে নিয়ে জবাই করে হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
নিহত শিশুর পিতা আকতারুজ্জামান শাহীন জানান, শুক্রবার দিবাগত রাতে তার স্ত্রী রোজিনা আকতারসহ দুই বছর আট মাস বয়সের শিশুপুত্র আশিক রানাকে নিয়ে তারা ঘুমিয়ে পড়েন। গরমের কারণে ঘরের দরজা খোলা রাখেন।
গভীর রাতে স্বামী-স্ত্রীর মাঝখান থেকে কে বা কারা শিশু পুত্র আশিককে একটি মোবাইল ফোনসহ তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার সকালে বাড়ির পাশে পাট ক্ষেতে শিশুর জবাই করা লাশ দেখতে পায়। দুর্বুত্তরা লাশ থেকে শিশুটির দুই হাত কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) সোহেল রানা জানান, হত্যা মামলার এজাহার নামীয় আসামী মৃত শিশুর সৎমা রোজিনা বেগম, রোজিনার দ্বিতীয় স্বামী আকরামুল ইসলাম, রোজিনার ভাই পিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ড আবেদনসহ তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরার চেষ্টা চলছে।