সিসি নিউজ, ৬ জুলাই ।। দেশের দ্বিতীয় কোনো নগরী হিসেবে শিক্ষার্থীসহ পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে জন্য থ্রিডি বা ত্রিমাত্রিক জ্রেবা ক্রসিং পদ্ধতির ব্যবহারে নাম লেখালো রংপুর সিটি করপোরেশন। এর আগে বরিশাল সিটি করপোরেশন এলাকায় থ্রিডি জ্রেবা ক্রসিং আঁকা হয়। শুক্রবার (৫ জুলাই) রাতে রংপুর নগরীর জিলা স্কুল মোড় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে রাস্তার থ্রিডি জ্রেবা ক্রসিং আঁকতে দেখা যায়।
রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে পরীক্ষামূলক নগরীর গুরুত্বপূর্ণ দুটি মোড়ে এই থ্রিডি জেব্রা ক্রসিং আঁকা হচ্ছে। কাশফিয়া কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান থ্রিডি জ্রেবা ক্রসিং অঙ্কনের কাজটি করছে। গত ১ জুলাই হতে শিল্পী কামরুল হাসানের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ৬ জন এই কাজে যুক্ত রয়েছেন।
শিল্পী কামরুল হাসান বলেন, তিন রঙের স্ট্রাইপ দিয়ে রঙিন করে তোলা হয়েছে থ্রিডি জেব্রা ক্রসিং। ইতোমধ্যে দুটি স্কুলের মোড়ে থ্রিডি জ্রেবা ক্রসিংয়ের আশি ভাগ কাজ শেষ হয়েছে। শুক্রবার মধ্যরাতে বাকি কাজ সম্পন্ন হবে।
মেয়রের একান্ত সচিব জাহিদ হোসেন লুসিড বলেন, নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে নগরীর দুটি স্কুলের মোড়ে থ্রিডি জেব্রা ক্রসিং আঁকা হচ্ছে। দুই-একদিনের মধ্যে এর উদ্বোধন করা হবে।