হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। উজানের ঢলের সৃষ্ট বন্যায় কুড়িগ্রামের চিলমারী রমনা রেলপথ ধসে যাওয়ায় যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল ২০দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার যাত্রীরা ট্রেনে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ বিষয়টি নিশ্চিত করে জানান, গত-১৮ জুলাই চিলমারী রমনা রেলপথের ছোট কুষ্টারী এলাকায় পানির তোড়ে প্রায় ৩’শ মিটার ধসে গিয়ে গভীর কুড়োয় পরিণত হয়েছে। এতে করে গত-২০দিন ধরে চিলমারী’র রমনা-পার্বতীপুর রেলপথে রমনা স্টেশন ও বালাবাড়ীহাট স্টেশন থেকে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে বিভাগীয় রেল পরিবহন কর্মকর্তা কামাল মহসি মুঠোফোনে জানান, আমরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়েছি। ওখানে মাটি সরে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। ঈদের পর ক্ষতিগ্রস্থ এলাকাটি সংস্কার করে ট্রেন চলাচল উপযোগী করা হবে।