ঢাকা, ২০ সেপ্টেম্বর।। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) শামীমকে নিকেতনের অফিস থেকে তার ছয় দেহরক্ষীসহ আটক করা হয়। নিকেতনে জি কে বিল্ডার্স অফিসে (১৪৪ নম্বর) অভিযান চালাচ্ছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, জি কে শামীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সেগুলোর ভিত্তিতেই অভিযান চলছে।
র্যাব সূত্র জানায়, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার স্বীকারোক্তিতে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িতদের মধ্যে জি কে শামীমের নামও উঠে এসেছে। এ তথ্যের ভিত্তিতেই তাকে আটক করে অভিযান চালানো হচ্ছে।
এরআগে, রাজধানীতে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের তার নিজ বাসা থেকে আটক করে র্যাব। ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে তার পরিচালিত অবৈধ ক্যাসিনোতেও অভিযান চালায় র্যাব।