ফুলবাড়ী (দিনাজপুর), ২৪ সেপ্টেম্বর ।। দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টির কারনে জমা গর্তের পানিতে ডুবে প্লাবন (৯) ও রাফি (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত প্লাবন উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের শিপন ইসলামের ছেলে এবং রাফি একই গ্রামের রায়হান ইসলামের ছেলে।
জানা গেছে, সকালে খেলার সময় বাড়ীর লোকের অজান্তে বাড়ীর পাশে বৃষ্টির পানিতে ভর্তি হয়ে যাওয়া একটি গর্তে পরে যায় প্লাবন ও রাফি। পরে বাড়ীর লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একসময় ওই দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে গর্ত থেকে উদ্ধার করে এবং দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।