কুড়িগ্রাম, ২৮ সেপ্টেম্বর।। কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে, আজ শনিবার সকালে একটি মিনিবাস থেকে চালকের সহকারি শিপন (১৪) নামের এক কিশোর হেলপারের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউপি’র গছিডাঙ্গা গ্রামের বাস শ্রমিক মোজাম্মেল হকের পুত্র। তার বড় ভাই রিপনও গাড়ীতে হেলপারের কাজ করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজু সরকার জানান, শাহজালাল পরিবহন নামে একটি মিনিবাসে হেলপারের কাজ করতো শিপন। সে রাতে গাড়ীতেই থাকতো। আজ শনিবার সকালে শ্রমিকরা খোলা জানালা দিয়ে শিপনের মরদেহ দেখতে পায়। তার মুখে গামছা দেয়া ছিল। তারা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিপনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।