সিসি ডেস্ক, ৩ অক্টোবর।। চার দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। ভারতের শিশু ও নারী উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চুদ্রী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল পৌঁনে ১০টায় (স্থানীয় সময়) বিমানটি নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এর আগে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল সোয়া ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটানা তৃতীয়বারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি হবে প্রথম দিল্লি সফর।
বৃহস্পতিবার দুপুরে তাজমহল হোটেলের দরবার হলে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিট’ শীর্ষক ‘কান্ট্রি স্ট্যাটিজি ডাগালগ অন বাংলাদেশ’ এ অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে বাংলাদেশ ভবনে নৈশভোজে যোগ দেবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (০৪ অক্টোবর) সকালে সেখানকার শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করবেন। এরপর বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামের (আইবিবিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুরে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউএএফ) আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিট’ এর সমাপনী পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ইস্যু সামনে আসবে মূলত সফরের তৃতীয় দিন শনিবার (০৫ অক্টোবর)। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
সেখান থেকে দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি যৌথ প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ হাউজে মধ্যাহ্নভোজ করবেন।
বিকেলে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘টেগর পিস অ্যাওয়ার্ড’ দেয়া হবে। সে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরের শেষ দিন রবিবার (০৬ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর চলচ্চিত্র নির্মাণের কাজ করছেন ভারতীয় এ নির্মাতা।
এরপর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী।
এদিন রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত সফরে সঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নসরুল এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।