জয়পুরহাট, ১৮ অক্টোবর।। জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন আমিনুল ইসলাম ক্যাসেট (৪২) নামে এক শীর্ষ অপহরন ও মুক্তিপন আদায়কারী। এ সময় আহত ২ পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে পুলিশের দাবী। শুক্রবার ভোরে পাঁচবিবি উপজেলার ভুতগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত ক্যাসেট জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান- অপহরণ, মুক্তিপন আদায়, মাদক কারবার, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামী ছিলেন ক্যাসেট। শুক্রবার রাতে একই উপজেলার ভুতগাড়ী গ্রামে ক্যাসেটসহ তার দলবল নতুন করে অপহরণ ও মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে একত্রিত হচ্ছিলেন, এমন সংবাদ পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ করে তারা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে অন্যেরা পালিয়ে গেলেও ক্যাসেট গুলিব্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত পুলিশ সদস্যদেরও সেখানে চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানায়।