বীরগঞ্জ (দিনাজপুর), ২৫ অক্টোবর।। দিনাজপুরের বীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনের মামলায় দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুই সাংবাদিক হলেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবেদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।বীরগঞ্জ থানার ওসি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. খালেক সরকারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনের মামলায় বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
এম.এ. খালেক সরকারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলে এই দুই সাংবাদিক মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।
গ্রেফতার হওয়া সাংবাদিক আবেদ আলী ও মোশাররফ হোসেন তাদের সংবাদে উল্লেখ করেন, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. খালেক সরকার গ্রামের রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সদস্য খায়রুল ইসলামের স্ত্রীকে রিলিফের কার্ড নেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গিয়েও কোনো বিচার পায়নি ধর্ষিতা। উল্টো থানার ওসি ধর্ষিতা ও তার স্বামীকে নানা ভয়ভীতি এবং গালিগালাজ করে থানা থেকে তাড়িয়ে দিয়েছে।
নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. খালেক সরকারের দাবি, তার বিরুদ্ধে প্রচার করা মিথ্যা ধর্ষণের সংবাদের কোনো ভিত্তি নেই। একটি চক্র ঈর্ষা মূলক ভাবে চক্রান্ত করে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন।