সিসি ডেস্ক, ২৯ অক্টোবর।। বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। তাবলিগ জামাতের বিবাদমান দু’পক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সম্মত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাদ অনুসারীদের পক্ষে নেতৃত্ব দেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। অপরদিকে সাদবিরোধীদের পক্ষে মাওলানা জুবায়ের নেতৃত্ব দেন।
জানা গেছে, দু’পক্ষকে সন্তুষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলাদাভাবে ইজতেমার অনুমতি দেয়া হয়েছে। আগামী ১০,১১ ও ১২ জানুয়ারি সা’দ বিরোধী অংশ টঙ্গী ময়দানে ইজতেমা আয়োজন করবে। পরের সপ্তাহে অর্থাৎ ১৭,১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সা’দের অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।
বৈঠকে তাবলিগ জামাতের কেন্দ্রীয় আমির মাওলানা সাদ কান্ধলবি অংশ না নেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া দু’পক্ষই আলাদাভাবে ইজতেমার আগে ৫ দিনের জোড় করবে। তবে তা টঙ্গী ময়দানে করা যাবে না।