জয়পুরহাট, ৪ নভেম্বর ।। জয়পুরহাট জেলার তালিকাভূক্ত সন্ত্রাসী রেজোয়ান হত্যা মামলায় পুরানাপৈল ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জনাকীর্ন আদালতে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন।
আসামীরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম সৈকত (৪১) ও তার ছোট ভাই মোহসিন আলী (৩০) এবং বড়তাজপুর গ্রামের হাজীপাড়ার নজীর উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪৯)।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বড়তাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে তালিকাভুক্ত সন্ত্রাসী রেজুয়ানকে হত্যা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।
এ ঘটনার ২ দিন পর তার মা রোজিনা বেগম বাদী হয়ে পুরানাপৈল ইউপি চেয়ারম্যানসহ ১০জনকে আসামী করে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় ওই ৩ জন হাজিড়া দিয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।