নরসিংদী, ৫ নভেম্বর।। নরসিংদীর ঘোড়াশাল বাজারের ৫ টি স্বর্নের দোকানসহ ৬টি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১০৯ ভরি স্বর্নালংকার, নগদ ১৮ লাখ টাকা লুট হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন ২ দোকান কর্মচারি।
নরসিংদীর পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন এ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডাকাতি হওয়া দোকানগুলো হলো-মুসলিম জুয়েলার্স, জনতা গহনা, প্রিয় জুয়েলার্স, মল্লিক জুয়েলার্স, মা শিল্পালয় ও ১টি চালের দোকানের সিন্ধুক এর স্বর্নালংকার।
পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ১টার দিকে ২০/৩০ জনের একদল অস্ত্রধারী ডাকাত একসাথে বাজারের ৫টি স্বর্নের দোকানে হানা দেয়। এসময় তারা ডিবি পরিচয়ে দোকানে থাকা লোকজন ও বাজারের পাহারাদারদের ধরে ও মারধর করে একটি ঘরে আটক রাখে। পরে রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত ৫টি দোকানের তালা ও সিন্ধুক গ্যাসজাত মেশিনে কেটে প্রায় ৬ কোটি টাকার ১০৯ ভরি স্বর্ন ও নগদ ১৮ লাখ টাকাসহ রোপা লুট করে। ডাকাতি শেষে বাজারের পাশের ঘাট থেকে শীতলক্ষ্যা নদী দিয়ে স্পীডবোটযোগে পালিয়ে যায়। পরে বাজার কমিটির লোকজন ও বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ, জেলার সিআইডি, পিবিআই ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আহত দোকানের দুই কর্মচারী বলরাম ও রামজয় মন্ডপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।