কুমিল্লা, ৫ নভেম্বর।। কুমিল্লার দেবিদ্বারে ব্রিফকেস থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের পাশে ওই এলাকায় পরিত্যক্ত ব্রিফকেস দেখতে পায় হাইওয়ে পুলিশের টহল দলের সদস্যরা। ব্যাগটি খুললে কিশোরীর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় তারা।
পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আনোয়ার জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে মরদেহ। পুলিশের ধারণা ওই কিশোরীকে হত্যার পর রাতের বেলা ব্রিফকেসটি ফেলে যায় দুর্বৃত্তরা।