সিসি নিউজ, ১৩ নভেম্বর।। সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারণা চালিয়েছে নীলফামারী জেলা পুলিশ। আজ দুপুরে শহরের চৌরঙ্গী মোড়, বাশার গেট, বড় বাজার ও গাছবাড়ি এলাকায় এ প্রচারণা চালানো হয়।
প্রচারণায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন এসব পয়েন্টে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালকেদের ট্রাফিক আইন মানার অনুরোধ জানিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। চালকদের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর লাইসেন্স, ইনস্যুরেন্সসহ প্রয়োজনীয় কাজপত্র সাথে নিয়ে যানবাহন চালানোর আহবান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমীন, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ-ইন-নবী, ট্রাফিক ইন্সপেক্টর সেলিম আহমেদ ও আজাদ হোসেন খান উপস্থিত ছিলেন।