সিসি নিউজ, ১৭ নভেম্বর।। নারী উদ্যোক্তার পণ্য নিয়ে প্রদর্শনী, অথচ নেই নারীর কোন স্টল। এ মেলায় স্টলগুলো ভাড়া দেয়া হয়েছে অন্য জেলা থেকে আসা ব্যবসায়ীদের। এতে এক দিকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। অন্যদিকে স্টল ভাড়া দিয়ে আয়োজকরা কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
সৈয়দপুরের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মাসব্যাপী পণ্য ও বস্ত্র মেলা। ৬২টি স্টল নিয়ে যাত্রা শুরু হয় এ মেলার। তৃণমূল পর্যায়ের নারীদের তৈরী পণ্য নিয়ে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নেই নারী উদ্যোক্তাদের কোন স্টল।
কেন নারী উদ্যোক্তাদের পণ্য বা স্টল নেই, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে সোসাইটির প্রচার সম্পাদক হোমায়ারা খাতুন বলেন, আমাদের উৎপাদিত পণ্যের দাম অনেক বেশি, তাই কেউ কিনতে চায় না। মেলা করতে গেলে নানা পণ্য রাখতে হয়। সেজন্য বাইরের লোকজনদের স্টল ভাড়া দেয়া হয়েছে। তিনি বলেন, সৈয়দপুরে একটা মেলা হচ্ছে এটাই বড় কথা।
মেলায় বেড়াতে আসা সাংবাদিক ওমর ফারুক জানান, নারী উদ্যোক্তাদের মেলায় নারীদের তৈরী পণ্য কেনার জন্য এসেছি। কিন্তু একটি স্টলও তাদের নেই। যা দেখছি তা বাজারেও পাওয়া যায়। তাহলে মেলার আসল উদ্দেশ্য কি? একই কথা বললেন আতিয়ার কলোনী থেকে আসা গৃহবধু তাসলিমা আক্তার। ওই গৃহবধু জানান, মেলায় দেখছি চটপটি, কমমেটিকস, সাফারী, নারীদের পোষাক, জুতা আর ভ্যানিটি ব্যাগের দোকান। নারীদের হাতে তৈরী কোন পণ্য এখানে নেই। মেলার আয়োজকরা আমাদের সাথে প্রতারণা করেছে।
এ প্রসঙ্গে কথা হয় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, সৈয়দপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রমিজা দিলসাদের সাথে। তিনি জানান স্টল ভাড়া কত তা আমি জানি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানতাম আমাদের সৈয়দপুরসহ বিভিন্ন জেলার নারী উদ্যোক্তাদের পণ্য দিয়ে সাজানো হবে মেলা- এখন তা দেখছি না।
নীলফামারী চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য সিদ্দিকুল আলম এ প্রসঙ্গে বলেন, এটা পুরোপুরি প্রতারণা করছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি। তৃর্ণমূলের নারীদের বঞ্চিত করে অন্য উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে কথা হয় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়ার সাথে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে সিসি নিউজকে জানিয়েছেন।
উল্লেখ্য যে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এমন মেলার আয়োজন করে থাকে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি নামের এ সংগঠনটি। কিন্তু নারী উদ্যোক্তাদের বদলে বেশিরভাগ সময়ে স্টলের বরাদ্দ অন্য ব্যবসায়ীরা দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।