সিসি নিউজ, ২৯ নভেম্বর।। সৈয়দপুরে প্রলোভন দিয়ে ৭১-এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সংগ্রহের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাতিখানা বানিয়াপাড়া থেকে খোদেজা বেগম (৪৭) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক খোদেজা সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার বিল্লাল হোসেনের স্ত্রী। বিল্লাল সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ সৈয়দপুর শাখার সাধারন সদস্য।
প্রাপ্ত তথ্যমতে, “২১০০ টাকার বিনিময়ে আপনি হতে পারবেন ৭১-এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য। এ পরিষদের সদস্য হতে পারলে আপনি মুক্তিযোদ্ধার ভাতা ১৫ থেকে ২০ হাজার টাকা, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৯ লাখ টাকার বাড়ি, জাতীয় দিবসগুলোতে বিশেষ সম্মাননা, সন্তানদের চাকুরীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোটা সুবিধা পাবেন”- এমন প্রলোভন দিয়ে সৈয়দপুরে চলছে সংগঠনটির সদস্য সংগ্রহ অভিযান। শহরের হাতিখানা বানিয়াপাড়ার জোবেদা, লতিফা, কুলছুম, মহসিনা, হাসিনা, রবিউল জানান, আমরা খোদেজার কথা বিশ্বাস করে সদস্য হতে তার হাতে ১১০০ টাকা দিয়েছি, বাকি টাকা সদস্য কার্ড প্রদানের সময় পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছি। তারা জানায়, এ টাকা অফিস খরচের জন্য দিতে হয় বলে খোদেজা তাদেরকে জানিয়েছে। এমন প্রলোভনে পড়ে ওই পাড়ার প্রায় অর্ধ শতাধিক পুরুষ-মহিলার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।
একটি সূত্রমতে, সৈয়দপুর উপজেলায় ৭১-এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের দেড় হাজারের অধিক সদস্য সংগ্রহ করা হয়েছে। যাদের বেশির ভাগই এভাবে প্রলোভনে পড়ে সদস্য হয়েছেন। আর এ চক্রের নেপথ্যে রয়েছে কমিটির নেতাকর্মীদের একটি অংশ।
৭১-এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি মাহবুুুুবাব রহমান দুলু সিসি নিউজকে বলেন, পরিষদের সদস্য হতে হলে গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে। এখানে অর্থ লেনদেনের বিষয় আসবে কেন? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিষদের কেহ এতে জড়িত প্রমান হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, প্রতারনা শিকার জোবেদা বেগম ওরফে জোবে নিজে বাদি হয়ে মামলা করেছে। তিনি বলেন, পুলিশ প্রতারনার বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ শুক্রবার আটক খোদেজাকে আদালতে পাঠানো হচ্ছে।
