রংপুর, ২০ জানুয়ারী।। শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নূরুল ইসলাম (২১) নামে এক যুবক সোমবার (২০ জানুয়ারি) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত নূরুল ইসলাম কেশবপুর, হাজিরহাট এলাকার নয়া মিয়ার পুত্র।
জানা গেছে, গত ১৫ জানুয়ারী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয় নূরুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এম এ হামিদ পলাশ জানান, গ্রামাঞ্চলে আগুন পোহাতে গিয়ে অনেকেই দগ্ধ হচ্ছেন। সে কারণে গরম কাপড় পরিধান করা, আগুন না পোহানো এবং বৃদ্ধ ও শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাওয়া ও দেরিতে ঘুম থেকে ওঠার জন্য পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।
গত ৩২ দিনে আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এর মধ্যে ৮ জন নারী, ৩ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে।