সিসি নিউজ।। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ এ কালজয়ী গানটি বাজানোর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এরপর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পক্ষ থেকে মন্ত্রিবর্গ ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। তারপর শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানগণ। এরপর আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে পর্যায়ক্রমে কূটনীতিকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শহীদ মিনারে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।