সিসি নিউজ, ১ মার্চ ।। নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হলো প্রথম জাতীয় বীমা দিবস। এ উপলক্ষে আজ সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষীণ করে শিল্পকলা অডিটরিয়ামে শেষ হয়। পরে সেখানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পপুলার লাইফ ইনস্যুরেন্সের মহাব্যবস্থাপক রণজিৎ কুমার ঘোষ ও জীবন বীমা কর্পোরেশনের ইনচার্জ মোখলেসুর রহমান বক্তৃতা করেন।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সহায়তায় জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচীতে সরকারী-বেসরকারী নয়টি বীমা কোম্পানীর প্রতিনিধি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বীমা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।