সিসি ডেস্ক, ৬ মার্চ।। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসের এক নারীসহ ৮ যাত্রী নিহত হয়েছে। নিহতরা সবাই নারায়গঞ্জের বাসিন্দা বলে জানা গেলে তাদের পরিচয় জানা যায় নাই।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন নিহত হয়েছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা মেট্রা চ-১৯-৫৪৬২ নম্বরের একটি মাইক্রোবাস নারায়ণগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে একজন নারীসহ ৮ জন নিহত হন। শেরপুর হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে নবীগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় বর্তমানে উদ্ধার কাজ শেষ হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া জানান, প্রায় ১২ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রেবাসটি। পথিমধ্যে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে এর ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৮ জন এবং গাড়িতে থাকা সকলেই আহত হয়েছেন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে ও আহতদের হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নিহতদের একজন নারী এবং আহতদের মধ্যে একজন শিশু রয়েছেন।
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। থানা ও হাইওয়ে পুলিশ এসে যানজট নিরসনের কাজ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সোহান (২০), মো. সাগর (২২), মো. রিফাত (১৬) ও মো. ইমন (১৯)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দেউলী গ্রামে। মাজার জিয়ারত করতে তাঁরা সিলেটে যাচ্ছিলেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ছয়জন নিহত হন।