সিসি ডেস্ক।। বর-কনেসহ বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় পদ্মায় দুটি নৌকা ডুবে অন্তত ২৫ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।
জীবিত অবস্থায় উদ্ধার হওয়া যাত্রীদের সূত্রে জানা গেছে, দুটি নৌকায় অন্তত ২৫ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৭-৮টি শিশুও আছে। বরসহ সাতজন জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরা ছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, খাদিমুল ইসলাম (২৩), রতন আলীর স্ত্রী বৃষ্টি খাতুন (২২), সুমন আলী (২৮) ও তাঁর স্ত্রী নাসরিন বেগম (২২) এবং মেয়ে সুমনা আক্তার (৬)।
বউভাতের অনুষ্ঠান শেষে বরের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বরের নাম রুমন আলী (২৬)। তার বাড়ি পদ্মার ওপারে পবা উপজেলার চরখিদিরপুর গ্রামে। বাবার নাম ইনসার আলী। আর কনের নাম সুইটি খাতুন (২০)। তার বাড়ি রাজশাহী শহর সংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট গ্রামে। বাবার নাম শাহীন আলী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, দুটি নৌকায় ৩৫ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ৬ জন শিশু। সন্ধ্যায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ ৩৫ আরোহী নিয়ে নৌকাটি পদ্মার চর খানপুর থেকে নগরীর দিকে আসছিল। শ্রীরামপুর এলাকায় নৌকাটি তলিয়ে যায়। ওই সময় সাঁতরে তীরে উঠেন ১০ নৌকা আরোহী। তলিয়ে যান ২৫ জন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দল।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে রাত ৭টা ৯ মিনিটে আমাদের কাছে কল আসে। এর এক মিনিটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চার সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনও নিখোঁজদের হদিস মেলেনি।